প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ১৪:২৬ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬ ১৪:২৯ পিএম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর। ছবি: বিবিসি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা শনিবার সকালে ইরাকের কুর্দি–অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দি গোষ্ঠীগুলোর তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি, ওই এলাকায় সক্রিয় কিছু ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী’ ইরানের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি তৈরি করছে। তাই সম্ভাব্য হামলা ঠেকাতে তাদের অবস্থান লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।
তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের তৎপরতা বা পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে তারা যদি ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়ায়, তবে তাদের ঘাঁটি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের কুর্দি–অধ্যুষিত অঞ্চলে কুর্দি গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে ইরানের এই হামলা চালানো হয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থানরত কিছু গোষ্ঠী ইরানের ভেতরে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় সহায়তা করছে।
এই পরিস্থিতিতে আইআরজিসি স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।