প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ১৪:৩৭ পিএম
হরমুজ প্রণালির স্যাটেলাইট ছবি। গেটি ইমেজেস
আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য ৩০ দিনের সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের
সিদ্ধান্ত অনুযায়ী, সমুদ্রে ট্যাংকারে আটকে থাকা রাশিয়ান অপরিশোধিত তেল ভারতীয় রিফাইনারিগুলো কিনতে পারবে।
স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বজায় রাখতে এবং জ্বালানি বাজারে চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, এই ছাড়ের ফলে রাশিয়ার সরকার উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবে না, কারণ এই ছাড় শুধুমাত্র সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রেই প্রযোজ্য।
রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ফলে ক্রেতাদের বিকল্প উৎসের দিকে ঝুঁকতে হয়।
রাশিয়ার জ্বালানি খাতে অর্থ প্রবাহ কমাতে রাশিয়ান জ্বালানির বড় ক্রেতা ভারতকে তেল কেনা বন্ধ করতে বিশেষভাবে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ইরানের সঙ্গে আলোচনা করছে যাতে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে।