প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ২১:৪৭ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬ ২১:৪৮ পিএম
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। ছবি: বিবিসি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি।
চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত করার জন্য বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি তার এ সিদ্ধান্তের কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এ সময় এমন সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা প্রদান করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, “আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।”
এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
স্টারমার বলেন, “ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে।
“এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে, এবং আমি এই সিদ্ধান্তে অটল।”