প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ০৯:৩৫ এএম
আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনি। ছবি: রয়টার্স
আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে—এমন খবর প্রকাশ করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম। তবে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রতিবেদনগুলোতে বলা হয়, ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছে।
খবরটি প্রথম প্রকাশ করে লন্ডনভিত্তিক ফার্সি ভাষার স্যাটেলাইট চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল। পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি গুরুত্ব পায়।
নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করে, মোজতবাকে উত্তরসূরি হিসেবে নির্বাচিত করার ঘটনাকে ইরানের ‘কট্টরপন্থি গোষ্ঠী ‘র জন্য বড় ধরনের বিজয় হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ৩৬ বছর দেশ শাসনের পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি। হামলায় তার মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারান। আহত হওয়ার পর মারা যান তার স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ।
ইরানের রেভল্যুশনারি গার্ডস টেলিগ্রামে জানিয়েছে, খামেনিকেমাশহাদে দাফন করা হবে এবং রাজধানী তেহরানে বড় পরিসরে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
খামেনি জীবদ্দশায় আনুষ্ঠানিকভাবে কাউকে উত্তরসূরি মনোনীত করেননি।
নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেইকে নিয়ে গঠিত তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ দায়িত্ব পালন করে।