প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ০৮:৫০ এএম
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। ২ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট নিক্ষেপের জবাবে লেবাননে বড় পরিসরে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় সোমবার হিজবুল্লাহর স্থাপনা ও অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে দেওয়া হবে না। এ হামলার কঠোর ও দৃঢ় জবাব দেওয়া হবে।”
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে ইসরায়েলি যুদ্ধবিমান ধারাবাহিকভাবে বোমা নিক্ষেপ করছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।
বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েল ও হিজবুল্লাহর এ সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে।