পাকিস্তান
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪ পিএম
পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটিতে হামলা চালাচ্ছে। ছবি: রয়টার্স
দীর্ঘদিন ধরে সীমান্তে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, ‘অপারেশন গজব লিল হক’ নামের এ অভিযান শুক্রবার ভোররাত থেকে শুরু হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বর্তমান পরিস্থিতিকে প্রতিবেশী দেশের সঙ্গে একটি ‘খোলা যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার ভাষ্য, খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন সীমান্ত সেক্টরে আফগান তালেবানের উস্কানিমূলক গোলাগুলির জবাব দিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
‘গজব লিল হক’ শব্দটির অর্থ ‘ন্যায়ের প্রতিশোধ’ বা ‘ন্যায়ের ক্রোধ’। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, চিত্রাল, খাইবার ও বাজাউরসহ একাধিক সীমান্ত এলাকায় তালেবান হামলার প্রেক্ষিতেই অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়াসহ বিভিন্ন প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও গোলাবারুদ ভান্ডারে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, এ পর্যন্ত সংঘাতে পাকিস্তানের দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। পাশাপাশি ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বর্তমান পরিস্থিতির জন্য আফগান তালেবান সরকারকে দায়ী করে বলেন, ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পর শান্তি প্রতিষ্ঠার আশা করা হলেও বাস্তবে তা পূরণ হয়নি। পাকিস্তানের ধৈর্যের সীমা অতিক্রম করায় সামরিক পথ বেছে নিতে বাধ্য হয়েছে দেশটি।
পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটিতে হামলা চালাচ্ছে। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
নতুন এই অভিযানের ফলে দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি উত্তরণে ইরান ইতোমধ্যে দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।