বিবিসি বাংলা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৭ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১০ পিএম
পাকিস্তানের সঙ্গে তোরখাম সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে তালেবান নিরাপত্তা বাহিনী, এটি আফগানিস্তানের নানগরহার প্রদেশে অবস্থিত। ছবি: বিবিসি
আফগানিস্তানের রাজধানী কাবুলের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসি আফগান সার্ভিসের প্রতিবেদক হাফিজুল্লাহ স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন।
হাফিজুল্লাহ জানান, তিনি কাবুল ছাড়াও কান্দাহার ও নানগারহার প্রদেশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, আপাতত কোনো সংঘর্ষের খবর নেই, তবে সীমান্তের দুই পাশেই কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তালেবানের এক সামরিক মুখপাত্র হাফিজুল্লাহকে বলেছেন, “যদি আমাদের উপর হামলা চালানো হয়, আমরা জবাব দেব। কিন্তু আপাতত আমরা সংঘর্ষ শুরু করব না”।
এদিকে, কাবুলের বাসিন্দারা জানিয়েছেন যে বর্তমানে সেখানে ভোরের আলো ফুটলেও আকাশে যুদ্ধবিমানের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না।
সম্প্রতি কাবুল, কান্দাহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ সব হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা না গেলেও পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়ে এসেছে বলে বাসিন্দারা জানিয়েছেন।