প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৩ পিএম
আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি আবাসিক এলাকায় হতাহতদের খুঁজছেন তালেবান নিরাপত্তা রক্ষীরা। ছবি: এএফপি
আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, ডুরান্ড লাইন সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে চালানো বড় ধরনের প্রতিশোধমূলক হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তবে এ দাবির স্বাধীন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া অভিযান প্রায় চার ঘণ্টা স্থায়ী হয়। এ সময় পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি ও দুটি ঘাঁটি দখলের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া একটি ট্যাংক ধ্বংস এবং একটি সামরিক যান দখলে নেওয়ার কথাও জানানো হয়েছে।
তালেবানের দাবি, এ লড়াইয়ে তাদের আট যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতের এ সংখ্যা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। খবরটি প্রকাশ করেছে আফগান টাইমস।
এর আগে ২১ ও ২২ ফেব্রুয়ারি আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পর থেকেই উত্তেজনা বৃদ্ধি পায়। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, ওই হামলায় নানগারহার প্রদেশে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিলেন বলে জানানো হয়।
দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ ও হামলার প্রেক্ষাপটে সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।