পাকিস্তান-আফগানিস্তান সংঘাত
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৬ এএম
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ছবি: বিবিসি
পাকিস্তানি বাহিনীর ওপর পাল্টা হামলার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্ট সরিয়ে নিয়েছেন আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
বিষয়টি জানিয়েছে বিবিসি।
আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থান লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালায় বলে জানায় ইসলামাবাদ। এতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
এর জবাবে রাতে কাবুল ও কান্দাহার শহরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানান।
পরে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, কান্দাহার ও হেলমান্দ এলাকায় পাকিস্তানি বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। তবে পরবর্তীতে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অতীতের সংঘর্ষগুলোর মতো এবারও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে আগে হামলা চালানোর অভিযোগ তুলেছে। দুই দেশই পাল্টা হামলায় প্রতিপক্ষের বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করছে।
পাকিস্তান কর্তৃপক্ষ শুক্রবার অভিযোগ করেছে, কোনো ধরনের উসকানি ছাড়াই আফগানিস্তান হামলা চালিয়েছে। এর জবাবে তারা কাবুল ও কান্দাহারসহ একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে।
অন্যদিকে তালেবান দাবি করেছে, সপ্তাহের শুরুতে পাকিস্তানের চালানো হামলার প্রতিক্রিয়ায় তারা ‘বড় পরিসরে’ সামরিক অভিযান শুরু করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ১৮ জন নিহত হন।
তবে ইসলামাবাদ বলছে, তারা কেবল কথিত সন্ত্রাসী শিবির ও আস্তানাকে লক্ষ্যবস্তু করেছে।
তালেবানের সামরিক মুখপাত্র মৌলভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা থেকে প্রতিশোধমূলক অভিযান শুরু হয়।
এদিকে জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, অভিযানে ‘অনেক’ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে। যদিও পাকিস্তানি কর্তৃপক্ষ এ দাবি সরাসরি নাকচ করেছে।