বিবিসি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: বিবিসি বাংলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডায় অবস্থিত মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশের চেষ্টা করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।
স্থানীয় সময় রবিবার দুপুর প্রায় দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি বাংলা। নিহতের বয়স প্রায় ২০ বছর বলে জানা গেছে, তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সিক্রেট সার্ভিসের বরাতে বিবিসি প্রতিবেদনে বলা হয়, মার-এ-লাগোর উত্তর গেটের কাছে সন্দেহভাজন ব্যক্তিকে একটি শটগান ও একটি জ্বালানির ক্যানসহ দেখা যায়।
সিক্রেট সার্ভিস জানায়, তাদের একাধিক এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফ কার্যালয়ের একজন ডেপুটি ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় গুলি চালানো হলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প মার-এ-লাগোতে উপস্থিত ছিলেন না। তিনি সপ্তাহান্তে হোয়াইট হাউসে অবস্থান করছিলেন।
ঘটনার তদন্তে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।