× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্য দখল ইসরায়েলের অধিকার: যুক্তরাষ্ট্র দূত

আলজাজিরা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৫ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৯ পিএম

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। ছবি: রয়টার্স

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। ছবি: রয়টার্স

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এমন ইঙ্গিত দিয়েছেন যে, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়, তাতেও তার আপত্তি নেই। তিনি এ অবস্থানের পক্ষে ইহুদি জনগণের ভূমির ওপর ‘অধিকার-এর কথা উল্লেখ করেন।

ইসরায়েলের সীমান্তের ভিত্তি বাইবেলে নিহিত, শুক্রবার প্রচারিত কনজার্ভেটিভ পডকাস্টার টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে হাকাবিকে ইসরায়েলের ভৌগোলিক সীমান্ত নিয়ে প্রশ্ন করা হলে হাকাবি এ দাবি করেন।

কার্লসন উল্লেখ করেন, বাইবেলের একটি আয়াতে আব্রাহামের বংশধরদের জন্য যে ভূমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত বিস্তৃত। এ ধরনের ভূখণ্ড বর্তমান লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশকে অন্তর্ভুক্ত করতে পারে।

গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিয়োগপ্রাপ্ত হাকাবি বলেন, “তারা যদি সবটাই নিয়ে নেয়, তাতেও সমস্যা নেই।”

কার্লসন বিস্ময় প্রকাশ করে জানতে চান, তিনি কি সত্যিই পুরো অঞ্চলজুড়ে ইসরায়েলের সম্প্রসারণ সমর্থন করবেন?

জবাবে রাষ্ট্রদূত বলেন, ইসরায়েল এমন দাবি করছে না এবং দখল করতে চায় বলেও তিনি মনে করেন না।

পরে নিজেকে খ্রিস্টান জায়নিস্ট ও ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচয় দেওয়া হাকাবি মন্তব্যটি “কিছুটা অতিরঞ্জিত” ছিল বলে উল্লেখ করেন।

তবে তিনি ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে সম্ভাব্য সম্প্রসারণ পুরোপুরি নাকচও করেননি।

তিনি বলেন, “যদি এসব জায়গা থেকে তারা আক্রমণের শিকার হয় এবং যুদ্ধে জয়ী হয়ে ওই ভূমি নেয়—সেটা ভিন্ন আলোচনা।”

ইসরায়েলের অস্তিত্বের অধিকার আন্তর্জাতিক আইনে প্রতিষ্ঠিত—এ যুক্তি তুলে ধরলেও হাকাবি আন্তর্জাতিক আইন তদারকি করা প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেন।

আল জাজিরার প্রশ্নে, ইসরায়েলের সম্প্রসারণের অধিকার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাকাবির মতের সঙ্গে একমত কি না—সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক আইন ও বিতর্কিত ভূখণ্ডের প্রশ্ন

২০২৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক আইনে ভৌগোলিক অখণ্ডতার নীতি এবং বলপ্রয়োগ করে ভূমি দখল নিষিদ্ধ করার বিধান মৌলিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত।

২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেয়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।

তবে ইসরায়েলি আইনে দেশটির সুনির্দিষ্ট সীমান্ত স্পষ্টভাবে নির্ধারিত নয়। ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিও দখল করে রেখেছে, যা ১৯৮১ সালে অবৈধভাবে সংযুক্ত করা হয়।

সিরিয়ার ওই ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া একমাত্র দেশ যুক্তরাষ্ট্র।

২০২৪ সালে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের পর ইসরায়েল লেবাননের অভ্যন্তরে পাঁচটি স্থানে সামরিক ঘাঁটি স্থাপন করে।

একই সঙ্গে ইসরায়েলের কিছু রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ, প্রকাশ্যে “বৃহত্তর ইসরায়েল”ধারণার পক্ষে অবস্থান নিয়েছেন।

২০২৩ সালে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ একটি অনুষ্ঠানে এমন একটি মানচিত্র উপস্থাপন করেন, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ড এবং লেবানন, সিরিয়া ও জর্ডানের অংশ ইসরায়েলের অন্তর্ভুক্ত দেখানো হয়। মানচিত্রটি ইসরায়েলি পতাকার রঙের পটভূমিতে প্রদর্শন করা হয়েছিল।

পোলার্ড বিতর্ক ও হাকাবির অবস্থান

কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে হাকাবি যুক্তি দেন, ইসরায়েলের অস্তিত্বের অধিকার আন্তর্জাতিক আইনে প্রতিষ্ঠিত। তবে একই সঙ্গে তিনি আন্তর্জাতিক আইন তদারকি করা প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেন, যারা ইসরায়েলের কর্মকাণ্ডের বিরোধিতা করে।

হাকাবি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি রুবিও যে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তার অভিযোগ, এসব সংস্থা সমভাবে আইন প্রয়োগ না করে পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

ইসরায়েলের প্রতি ধর্মীয় অনুরাগ ছাড়াও, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত বা আটক যুক্তরাষ্ট্রের নাগরিকদের অধিকারের পক্ষে জোরালো অবস্থান না নেওয়ার অভিযোগেও তিনি সমালোচিত হয়েছেন।

গত বছর তিনি দণ্ডপ্রাপ্ত গুপ্তচর জোনাথন পোলার্ড-এর সঙ্গে সাক্ষাৎ করে বিতর্কে জড়ান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক বেসামরিক বিশ্লেষক পোলার্ড যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছিলেন; যার কিছু তথ্য স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কাছেও পৌঁছে যায়। 

কারাভোগের ৩০ বছর পর পোলার্ড ২০২০ সালে ইসরায়েলে যান। তবে তিনি কখনও তার অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করেননি এবং ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থায় কর্মরত ইহুদি কর্মীদের ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির আহ্বান জানান।

হাকাবি বলেন, তিনি পোলার্ডের মতের সঙ্গে একমত নন। তবে তিনি দাবি করেন, পোলার্ডকে আমন্ত্রণ জানাননি; বরং জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে পূর্বনির্ধারিত সময়সূচির মাধ্যমে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কেউ কি সরাসরি দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে—এ প্রশ্নে হাকাবি স্বীকার করেন, এ ধরনের বৈঠকের জন্য পূর্বানুমোদিত সময়সূচি প্রয়োজন।

তিনি বলেন, “তার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসে বৈঠকের সুযোগ পেয়েছিলেন। আমি তার সঙ্গে দেখা করেছি, এবং সত্যি বলতে, এতে আমার কোনো অনুশোচনা নেই।

“আমি এখানে দায়িত্ব পালনকালে অনেকের সঙ্গেই দেখা করেছি, এবং ভবিষ্যতেও আরও অনেকের সঙ্গে দেখা করব।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা