প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১ এএম
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ছবি: এবিসি নিউজ
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। নিহতদের মধ্যে একজন সন্দেহভাজন বন্দুকধারী বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার প্রশাসন এ তথ্য জানিয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, হামলার ঘটনায় ২৫ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রায় ২ হাজার ৪০০ জনসংখ্যার টাম্বলর রিজ শহরটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে, আলবার্টা সীমান্তের কাছে অবস্থিত। প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলর রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।
আরসিএমপির সুপারিনটেনডেন্ট কেন ফ্লয়েড সাংবাদিকদের জানান, হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে এখনই তার নাম প্রকাশ করা হচ্ছে না। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলেও জানান তিনি।
“কেন বা কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা আমরা এখনো বুঝতে পারছি না। সংশ্লিষ্ট বাড়িতে নিহতরা কীভাবে হামলাকারীর সঙ্গে জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে,” বলেন তিনি।
স্কুলে লাশ, বাড়িতে আরও দুইজন
আরসিএমপি এক বিবৃতিতে জানায়, গুলির ঘটনার পরপরই পুলিশ হামলার উৎস খুঁজে বের করতে স্কুলটিতে প্রবেশ করে। তল্লাশির সময় একাধিক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। হামলাকারী বলে ধারণা করা একজন ব্যক্তিকেও ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়; তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।
বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল থেকে সন্দেহভাজনসহ সাতজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে সংশ্লিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
লকডাউন জারি
পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানায়, গুলির ঘটনায় টাম্বলর রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলর রিজ এলিমেন্টারি স্কুল—দুটিতেই ‘লকডাউন’ ও ‘সিকিউর অ্যান্ড হোল্ড’ জারি করা হয়েছে।
পিস রিভার সাউথ এলাকার সংসদ সদস্য ল্যারি নিউফেল্ড জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ ও জরুরি সহায়তা পাঠানো হয়েছে। তবে চলমান অভিযানের নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, “আজ রাতে টাম্বলর রিজের যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই হৃদয়বিদারক ঘটনার পর কমিউনিটিকে সহায়তায় সরকার সব ধরনের পদক্ষেপ নেবে”।
কানাডায় বিরল, তবু উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে স্কুলে বন্দুক হামলার ঘটনা তুলনামূলক বেশি হলেও কানাডায় এ ধরনের ঘটনা বিরল। মঙ্গলবারের এই হামলা ২০২০ সালের পর দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী সহিংস ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২০ সালে নোভা স্কোশিয়ায় এক বন্দুকধারীর হামলায় ১৩ জন গুলিতে নিহত হন; অগ্নিসংযোগে প্রাণ হারান আরও ৯ জন। ওই ঘটনার পর কানাডা সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয় এবং আক্রমণাত্মক অস্ত্র হিসেবে বিবেচিত বিভিন্ন ধরনের বন্দুকের ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারিত করে।
টাম্বলর রিজের এই হামলার ঘটনায় দেশজুড়ে আবারও অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে।