প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১০:১৪ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬ ১০:২০ এএম
সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বার্ষিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে কথা বলেন ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
যুদ্ধ বন্ধে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন।
আবুধাবিতে আজ শুক্রবার এবং শনিবার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই। খবর আল-জাজিরার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৃহস্পতিবার দাভোসে আলোচনার পর জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা জন্য শর্তাবলী চূড়ান্ত করা হয়েছে এবং যুদ্ধের পরে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি চুক্তি প্রায় প্রস্তুত।
জেলেনস্কি আবুধাবিতে অনুষ্ঠিতব্য আলোচনাকে দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত ‘প্রথম ত্রিপক্ষীয় বৈঠক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি এটি ভালো।’
প্রস্তাবিত আলোচনার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই বৈঠককে সাধুবাদ জানালেও রাশিয়ার শুরু করা যুদ্ধের অবসানের প্রচেষ্টাকে ‘চলমান প্রক্রিয়া’ বলে অভিহিত করেছেন।
এর আগে, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বলেছিলেন, দীর্ঘদিন ধরে চলমান রাশিয়া-ইউক্রেন আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে এবং এটি শেষ পর্যায়ে।
যুক্তরাষ্ট্রের দূত এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পরে ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য রাশিয়ার সফর করেছেন।
উইটকফ বলেন, এরপর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাবেন, সেখানে আলোচনা অব্যাহত থাকবে।
এই সপ্তাহে রাশিয়ার আক্রমণের ফলে ইউক্রেনের রাজধানীর বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, কিয়েভের প্রায় ৩,০০০ ভবনের বাসিন্দারা শূন্যের নিচে তাপমাত্রায় তাপ ছাড়াই রয়েছেন।