প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:৫৩ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬ ১৫:২৮ পিএম
থাইল্যান্ডের নাখন রাতচাসিমা প্রদেশে একটি ক্রেন যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে ২২ জন নিহত হয়। ছবি: নাখন রাতচাসিমা প্রাদেশিক সরকার
থাইল্যান্ডে একটি উচ্চগতির রেললাইন প্রকল্পে ব্যবহৃত ক্রেন যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় দেশটির নাখন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশপ্রধান থাচাপোন চিন্নাওং বুধবার এএফপিকে বলেন, “২২ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।”
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে আহত হয়েছেন অন্তত ৮০ জন।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখন রাতচাসিমায় উচ্চগতির রেল নেটওয়ার্ক নির্মাণে ব্যবহৃত একটি ক্রেন চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নাখন রাতচাসিমা প্রাদেশিক জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, “একটি ক্রেন ট্রেনের ওপর পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়।”
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। উজ্জ্বল রঙের একটি ট্রেন কাত হয়ে পড়ে আছে এবং ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে।
নাখন রাতচাসিমা প্রাদেশিক দপ্তর জানিয়েছে, ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল।
পরিবহনমন্ত্রী ফিপাত রাতচাকিটপ্রাকার্ন বলেন, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন এবং মৃতদের শনাক্তে কর্তৃপক্ষ কাজ করছে।
ক্রেনটি থাইল্যান্ডে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি উচ্চগতির রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। চীনের 'বেল্ট অ্যান্ড রোড' অবকাঠামোর অংশ হিসেবে এই প্রকল্প চলমান।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় বিভিন্ন শিল্প ও নির্মাণস্থলে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।