প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:১৮ পিএম
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের পর সজোরে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টার। ছবি : নিউ ইয়র্ক টাইমস
যুক্তরাষ্ট্রের দক্ষিণ নিউ জার্সিতে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে এক পাইলট নিহত হয়েছেন। এই ঘটনায় অপর হেলিকপ্টারের পাইলট গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত হ্যামনটন শহরের আকাশে স্থানীয় সময় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হ্যামনটন ফায়ার ডিপার্টমেন্টের প্রধান কেভিন ফ্রিয়েল জানান, মাঝ আকাশে সংঘর্ষের পরপরই হেলিকপ্টার দুটি মাটিতে আছড়ে পড়ে। এর মধ্যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। দুর্ঘটনায় একজন পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টার দুটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার সময় শুধু পাইলটরাই সেগুলোতে অবস্থান করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি হেলিকপ্টার আকাশ থেকে চক্রাকারে পাক খেতে খেতে নিচের দিকে পড়ে যাচ্ছে এবং অদূরেই কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ ও এভিয়েশন বিভাগ।