প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ছবি: আনাদোলু
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারোতে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
জরুরি চিকিৎসা উদ্ধার অভিযান চলাকালে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
কিলিমাঞ্জারো আঞ্চলিক পুলিশ কমান্ডার সাইমন মাইগোয়া জানান, নিহতদের মধ্যে দুইজন বিদেশি নাগরিক, একজন ট্যুর গাইড, হেলিকপ্টারের পাইলট এবং উদ্ধারকারী দলের একজন চিকিৎসক রয়েছেন।
পুলিশের তথ্যমতে, ‘ববি ক্যাম্পিং’ নামক একটি পর্যটন সংস্থার অধীনে পাহাড়ে আরোহণকারী অসুস্থ রোগীদের উদ্ধার করতে যাচ্ছিল হেলিকপ্টারটি। এ সময় হেলিকপ্টারটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৮৯৫ মিটার (১৯,৩৪১ ফুট) উচ্চতায় কিবো হাট এবং বারফু ক্যাম্পের মধ্যবর্তী দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এই পথটি চূড়ায় ওঠার চূড়ান্ত ধাপ হিসেবে পরিচিত।
মাউন্ট কিলিমাঞ্জারো বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হওয়ায় উচ্চতাজনিত অসুস্থতা বা চোট পাওয়া পর্বতারোহীদের সরাতে নিয়মিত হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে এই উচ্চতায় বাতাসের পাতলা স্তর এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ পরিচালনা করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।