প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩০ পিএম
ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারবাস এ৩২১নিও বিমানের উড্ডয়ন দৃশ্য। ছবি: ব্রিটিশ এয়ারওয়েজ
লন্ডন থেকে ভারতের হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমার সাপোর্ট সার্ভিসে একটি ইমেইল পাঠানো হয়। ওই ইমেইলে লন্ডন (হিথ্রো) থেকে হায়দ্রাবাদগামী বিএ ২৭৭ ফ্লাইটে বোমা থাকার হুমকি দেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানটি হায়দ্রাবাদে অবতরণের পরপরই পূর্বনির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানটিকে নিরাপত্তার জন্য সাধারণ এলাকা থেকে সরিয়ে রাখা হয় এবং যাত্রী ও তাঁদের লাগেজ তল্লাশি করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে স্নিফার ডগ এবং ফায়ার ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছিল। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা শেষে বিমানটি পুনরায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
চলতি মাসে হায়দ্রাবাদ বিমানবন্দরে এ নিয়ে তিনবার একই ধরনের হুমকির ঘটনা ঘটল।
এর আগে ইন্ডিগো এয়ারলাইন্সের মদিনা-হায়দ্রাবাদ এবং শারজাহ-হায়দ্রাবাদ ফ্লাইটেও ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এতে মদিনা থেকে আসা ফ্লাইটটিকে পথ পরিবর্তন করে আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছিল।