× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ডাই বিচের নায়কের জন্য অনুদানের ঢল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:৩১ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪ পিএম

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস বন্ডাই বিচের ‘নায়ক’ আহমেদ আল আহমেদের সঙ্গে দেখা করেন। ছবি: ফেসবুক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস বন্ডাই বিচের ‘নায়ক’ আহমেদ আল আহমেদের সঙ্গে দেখা করেন। ছবি: ফেসবুক

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলার ঘটনার সময় সাহসিকতার পরিচয় দেওয়া আহমেদ আল আহমেদের পাশে দাঁড়াতে মানুষের সহানুভূতির ঢল নেমেছে।

ওই ব্যক্তির সহায়তায় খোলা একটি গোফান্ডমি তহবিলে সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি অনুদান জমা পড়েছে, যা মার্কিন ডলারে প্রায় ৯ লাখ ৫০ হাজার। 

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কা উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে এক হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঠিক সেই সময় বন্দুকধারীরা আচমকা গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই উৎসবের আনন্দ বদলে যায় আতঙ্ক আর রক্তাক্ত দৃশ্যে। এই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। 

সেই হামলার সময় এক হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি করে তার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার সময়ই পথচারী আহমেদ আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

গোফান্ডমির পাতায় দেওয়া এক বিবৃতিতে তহবিলের উদ্যোক্তারা জানান, বন্ডাই বিচের সেই ভয়ংকর ঘটনার সময় এক হামলাকারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে যে মানুষটি অসাধারণ সাহস দেখিয়েছেন, তার সেই কাজ আরও অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই বীরত্বপূর্ণ কাজ দেখার পর আমরা চুপ করে থাকতে পারিনি। তাই তাকে সম্মান জানাতে এবং তার পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।’  

অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আহমেদ আল আহমেদ ওই ঘটনার সময় সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন এক পরিবারের সন্তান, যার শরণার্থী বাবা-মা সম্প্রতি সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় এসেছেন। 

তহবিল সংগ্রহকারীরা জানান, এই অর্থ সংগ্রহের উদ্দেশ্য হলো ‘এই সত্যিকারের নায়কের প্রতি সম্মান জানানো এবং তার সুস্থ হয়ে ওঠার পথে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।’

এদিকে গোফান্ডমি কর্তৃপক্ষ সোমবার সিএনএনকে জানিয়েছে, আহমেদ ও তার পরিবারের কাছে যেন নিরাপদে এই অর্থ পৌঁছায়, সে জন্য তারা সরাসরি তহবিলের উদ্যোক্তাদের সঙ্গে কাজ করছে। যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সব অর্থ উদ্যোক্তাদের কাছেই রাখা হচ্ছে।

গোফান্ডমির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের যাচাই প্রক্রিয়া চলাকালীন সব অর্থ নিরাপদে রাখা হবে। আমরা নিশ্চিত হওয়ার পরই এই অর্থ তার (আহমেদ) কাছে হস্তান্তর করা হবে।’ 

একজন সাধারণ মানুষের অসাধারণ সাহস যে কীভাবে একটি বড় বিপর্যয় ঠেকাতে পারে, বন্ডাই বিচের ঘটনা আবারও তা মনে করিয়ে দিয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা