প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:২১ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতার পর বেলারুশ ১২৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে আছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী অ্যালেশ বিয়ালিয়াতস্কি এবং শীর্ষ বিরোধীদলীয় নেতা মারিয়া কালেসনাইকভা। এই বন্দি মুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্র বেলারুশের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূতের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই চুক্তি হয়। যুক্তরাষ্ট্র বেলারুশের পটাশ রপ্তানির ওপর দেওয়া নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি হয়েছে। পটাশ হলো সারের একটি গুরুত্বপূর্ণ উপাদান, আর বেলারুশ বিশ্বে এর বড় উৎপাদকদের একটি।
চলতি বছর ট্রাম্প প্রশাসন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনা শুরু করে। এরপরই এটি তার পক্ষ থেকে সবচেয়ে বড় বন্দি মুক্তির উদ্যোগ। লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেন যুদ্ধ এবং ভিন্নমত দমনের কারণে আগে পশ্চিমা দেশগুলো তার সঙ্গে সম্পর্ক কমিয়ে দিয়েছিল।
মার্কিন দূত জন কোল বলেছেন, সামনে আরও প্রায় এক হাজার রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আসছে কয়েক মাসের মধ্যে বড় একটি দলে তাদের মুক্তি সম্ভব। তার ভাষায়, ‘এটা সম্ভব, আমরা সঠিক পথে আছি।’
তিনি আরও বলেন, যদি বেলারুশে আর কোনো রাজনৈতিক বন্দি না থাকে, তাহলে অধিকাংশ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এটিকে তিনি একটি ‘ন্যায্য লেনদেন’ হিসেবে দেখছেন।
মুক্তি পাওয়া ১২৩ জনের মধ্যে নয়জন লিথুয়ানিয়ায় গেছেন এবং ১১৪ জনকে ইউক্রেনে নেওয়া হয়েছে। বিয়ালিয়াতস্কি মুক্তির পর লিথুয়ানিয়ায় মার্কিন দূতাবাসে যান, যেখানে তাকে স্বাগত জানান নির্বাসিত বিরোধীদলীয় নেত্রী স্বিয়াতলানা তিখানোউস্কায়া।