বন্যা ও ভূমিধস
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:১০ পিএম
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ঝড়-পরবর্তী বন্যা ও ভূমিধসে প্রায় ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নজিরবিহীন এই দুর্যোগে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে, আর এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়া, এরপরই রয়েছে শ্রীলঙ্কা। শনিবার পর্যন্ত সরকারি তথ্যে এই চিত্র উঠে এসেছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান অবস্থায় সুমাত্রা দ্বীপে এ পর্যন্ত ৯৯৫ জনের মৃত্যু ও ২২৬ জন নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ। উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশের বন্যাকবলিত অঞ্চলগুলোতে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে ৩২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুসারে, গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় ‘দিত্বাহ’ আঘাত হানার পর থেকে মৃতের সংখ্যা বেড়ে ৬৪০ জনে দাঁড়িয়েছে। এখনও ২১১ জন মানুষ নিখোঁজ রয়েছেন। এই বিধ্বংসী বন্যায় ১৬ লাখের বেশি মানুষ এবং প্রায় ১ লাখ ১০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫,৭০০-এরও বেশি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
এদিকে জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডে অন্তত ১৮৫ জনের মৃত্যু এবং আরও ৩৬৭ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়াও তীব্র আবহাওয়ার কারণে ভারতে চারজন এবং মালয়েশিয়াতে তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
সব মিলিয়ে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃতের ও নিখোঁজের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে, আর প্রায় ৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।