× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২৩:৫১ পিএম

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪৬

হংকংয়ের উত্তরাঞ্চলীয় জেলা তাই পোর একটি আবাসিক ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত বুধবার তাই পোর ওয়াং ফুক কোর্টের আবাসিক ভবন কমপ্লেক্সে আগুন লাগে। প্রায় দুদিনের চেষ্টায় গত শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনায় শনিবার ১২৮ জনের প্রাণহানির কথা জানানো হয়। ১৯৮০ সালের পর এটিই আবাসিক ভবনে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড।

ডিজাস্টার ভিক্টিম আইডেন্টিফিকেশন ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলের তিনটি বহুতল ভবনে অনুসন্ধান চালিয়ে আরও মরদেহ উদ্ধার করেছেন। 

রবিবার পুলিশের দুর্যোগ অনুসন্ধান ইউনিটের চিফ সুপারিনটেনডেন্ট স্যাং শুক-ইন এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত সর্বশেষ মৃতের সংখ্যা ১৪৬ জনে দাঁড়িয়েছে। ‘আরও প্রাণহানির শঙ্কাকে আমরা উড়িয়ে দিতে পারি না।’

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ একটি আন্তঃবিভাগীয় তদন্ত টাস্কফোর্স গঠন করেছে। হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতায় ১১ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তিনজনকে হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

হংকংয়ে অবস্থিত ইন্দোনেশীয় কনস্যুলেট জানিয়েছে, ওই অগ্নিকাণ্ডে সাতজন ইন্দোনেশীয় নাগরিক মারা গেছেন।

ম্যানিলার কনস্যুলেট শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, একজন ফিলিপিনো প্রবাসী শ্রমিকও ওই অগ্নিকাণ্ডে মারা গেছেন।

এদিকে হংকংয়ের বিল্ডিংস ডিপার্টমেন্ট শহরজুড়ে ৩০টি বেসরকারি ভবন নির্মাণ প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা