প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২২:৪৭ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের সব অভিযোগ বারবার অস্বীকার করে আসা ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার দীর্ঘদিনের দুর্নীতি মামলা থেকে মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
রবিবার (৩০ নভেম্বর) তিনি দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে এই আবেদন করেছেন। তার যুক্তি- চলমান ফৌজদারি কার্যক্রম দেশ পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং এই ক্ষমা ইসরায়েলের জাতীয় মঙ্গলের জন্য প্রয়োজনীয়।
প্রেসিডেন্টকে লেখা চিঠিতে নেতানিয়াহুর আইনজীবীরা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবেন।
নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আজ আমার আইনজীবীরা প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন পাঠিয়েছেন। আমি আশা করি, দেশের মঙ্গলকামী সবাই এই পদক্ষেপকে সমর্থন করবেন।’
প্রেসিডেন্ট হারজোগের কার্যালয় আবেদনটি গ্রহণ করেছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগে মতামত সংগ্রহের জন্য পাঠাবে।
নেতানিয়াহুর আইনজীবীদের যুক্তিÑ এই বিচার সমাজে বিভেদ বাড়াচ্ছে এবং জাতীয় ঐক্যের স্বার্থে বিচার বন্ধ করা জরুরি। আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় সপ্তাহে তিনবার আদালতে সাক্ষ্য দিতে যাওয়া অত্যন্ত কষ্টকর। তবে নেতানিয়াহু বা তার আইনজীবীরা কেউই কোনো দোষ স্বীকার করেননি।
বিরোধী নেতা ইয়ার লাপিদ অবশ্য এই ক্ষমার বিরোধিতা করে বলেছেন, দোষ স্বীকার, অনুতাপ প্রকাশ এবং রাজনীতি থেকে অবিলম্বে অবসর না নিলে নেতানিয়াহুকে ক্ষমা করা উচিত নয়।
নেতানিয়াহু ২০১৯ সালে তিনটি পৃথক মামলায় অভিযুক্ত হন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি গাজায় যুদ্ধের নামে গণহত্যা চালাচ্ছেন, যা আন্তর্জাতিকভাবে নিন্দিত হচ্ছে।