প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ০৮:৪৪ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ০৮:৪৭ এএম
ছবি: সংগৃহীত
হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে বড় ধরনের আগুন লেগে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া এই ঘটনায় এখনো খোঁজ মিলছে না ২৭৯ জনের। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।
ভবনগুলোর ভেতরে এখনো অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ।
তবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন নির্বাহী প্রধান জন লি। তিনটি ভবনে আগুনের শিখা দেখা যাচ্ছে না বলে জানান তিনি।
এদিকে লি সাংবাদিকদের বলেছেন, এখনো ২৭৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে মোট আটটি ভবন রয়েছে। এই ভবনগুলোয় অ্যাপার্টমেন্টের সংখ্যা ২ হাজার। এতে ৪ হাজার ৬০০ জনের বেশি বাসিন্দা বাস করেন।
তবে আগুন লাগা ভবনের ভেতরে কতজন আটকা পড়েছেন, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ৮০০ জনের বেশি দমকল কর্মী কাজ করছেন।