প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১০:৩৫ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ১১:২৪ এএম
আফগানিস্তানে দক্ষিণ–পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে প্রাণঘাতী বোমা হামলায় অন্তত ৯টি শিশু ও এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এর আগে স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে (জিএমটি ১৯:৩০) খোস্তের গুরবুজ জেলায় এ হামলা হয়।
মুজাহিদ লিখেছেন, ‘পাকিস্তানের আক্রমণকারী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। তিনি কাজী মিরের ছেলে।’
মুখপাত্র আরও বলেন, ‘এ হামলায় ৯টি শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) এবং এক নারী নিহত হয়েছেন। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়েছে।’
মুজাহিদ জানান, খোস্ত ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা হয়। এসব হামলায় অন্তত চার বেসামরিক লোক আহত হয়েছেন।