প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ০০:১৮ এএম
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে রাজনৈতিক অভ্যুত্থানের চেষ্টা ও সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন তিনি। শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, জেইর বোলসোনারোর বিরুদ্ধে পুলিশই একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিল, যা সুপ্রিম কোর্টের অনুরোধের পর কার্যকর করা হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএনকে একটি সূত্র জানিয়েছে, বোলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বোলসোনারে একটি সমাবেশ আয়োজন করে। যা সাবেক প্রেসিডেন্টের আবাসিক ভবনের সামনে হয়। আর এই সমাবেশের পরই বোলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়।
২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরে যান জেয়ার বোলসোনারো। নির্বাচনে পরাজিত হওয়ার পরও বোলসোনারো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। সেই সময়ই তিনি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ মামলায় চলতি বছরের শুরুর দিকে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ—যার চারজনই তার বিরুদ্ধে রায় দেন।
তদন্তে বলা হয়েছে, বলসোনারো একটি সশস্ত্র অপরাধী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন, যার লক্ষ্য ছিল জোরপূর্বক গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলা। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকদের সরকারি ভবনে হামলার ঘটনাও এই অভিযোগকে আরও জোরালো করে।
তবে সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারো অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার বিরুদ্ধে পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সূত্র: সিএনএন