প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৪১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: সংগৃহীত
পাকিস্তানের পার্লামেন্ট সামরিক বাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আজীবন গ্রেপ্তার ও বিচার থেকে দায়মুক্তি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
দেশটির ২৭তম সংবিধান সংশোধন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে। এই সংশোধনের ফলে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনার ধরনেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে, জানিয়েছে বিবিসি।
২৭তম সংবিধান সংশোধনের মাধ্যমে ‘চিফ অব দ্য আর্মি স্টাফ’ শব্দের স্থলে ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ ব্যবহৃত হবে এবং মুনিরকে এই পদে নিয়োগের দিন থেকে মেয়াদ গণনা করা হবে। সংশোধনের ফলে তিনি নৌ ও বিমানবাহিনীর তত্ত্বাবধানে থাকবেন এবং অবসরের পরও প্রধানমন্ত্রীর পরামর্শে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিপি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে উদ্ধৃত করে বলেছে, পরিবর্তনগুলো আধুনিক যুদ্ধ ও প্রতিরক্ষা কাঠামোকে সমন্বয় করার অংশ। তবে সমালোচকরা এটিকে সামরিক বাহিনীর হাতে অতিরিক্ত ক্ষমতা প্রদান হিসেবে দেখছেন। মানবাধিকার কমিশনের সহসভাপতি মুনিজায়ে জাহাঙ্গীর বলেন, এটি সামরিক ও বেসামরিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। পাকিস্তানে সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দেশটির সংবাদপত্র ডন জানিয়েছে, শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পার্লামেন্টে পাস হওয়া আরও তিনটি প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পাকিস্তান আর্মি (সংশোধন) বিল ২০২৫, পাকিস্তান এয়ার ফোর্স (সংশোধন) বিল ২০২৫ এবং পাকিস্তান নেভি (সংশোধন) বিল ২০২৫।
ডন লিখেছে, প্রেসিডেন্ট স্বাক্ষরের পর আইনে পরিণত হওয়া এই তিনটি বিলই বিতর্কিত ২৭তম সংশোধনীর সঙ্গে সম্পর্কিত।