প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলকে আরও তিন জিম্মির লাশ ফেরত দিয়েছে। গতকাল রবিবার (২ নভেম্বর) রাতে মরদেহগুলো রেডক্রসের হাতে তুলে দেয় তারা। এরপর রেডক্রসের সদস্যরা মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলকে বুঝিয়ে দেয়।
ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “রেডক্রসের মাধ্যমে তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে ইসরাইল। মরদেহগুলো প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো শনাক্তকরণ কেন্দ্রে পাঠানো হবে।”
হামাসের সশস্ত্র শাখা এর আগে জানায় রবিবার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তারা মরদেহগুলো উদ্ধার করেছে।
যদি এই জিম্মির পরিচয় শনাক্ত হয় তাহলে যুদ্ধবিরতির পর হামাসের হস্তান্তর করা মরদেহের সংখ্যা ২০ জনে পৌঁছাবে। গত মাসে যখন যুদ্ধবিরতি কার্যকর হয় তখন তাদের কাছে ২৮ জিম্মির মরদেহ ছিল।
এখন পর্যন্ত যে ১৭টি মরদেহ তারা ফেরত দিয়েছে সেগুলোর মধ্যে ১৫ জন ইসরায়েলি। আর বাকি দুজনের একজন থাইল্যান্ডের, আরেকজন নেপালের নাগরিক।
ইসরায়েল বলছে, হামাস মৃতদেহগুলো হস্তান্তর করতে খুব ধীরগতিতে কাজ করছে। আর হামাস বলছে, মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় এগুলো উদ্ধার করতে তাদের সময় লাগছে।
এদিকে সহিংসতা সম্পূর্ণরূপে থেমে নেই। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৩৬ জন নিহত হয়েছে।