প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১০:৩৬ এএম
ছবি: সংগৃহীত
কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এলগেও মারাকোয়েতের চেসোঙ্গোচ জেলার পাহাড়ি অঞ্চলে অবস্থিত রিফট ভ্যালি অঞ্চলে ভয়াবহ এক ভূমিধস হয়েছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন ৩০ জন।
কয়েক দিন ধরে প্রবল বর্ষণের জেরে শনিবার (১ নভেম্বর) ভোরে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত ও নিখোঁজের পাশপাশি বেশ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিধসে রিফ্ট উপত্যকা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়ঘর ধ্বংস হয়েছে এবং ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক। শনিবার থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে সড়ক নেটওয়ার্ক ভেঙে পড়ায় এবং বৃষ্টি এখনও থাকায় উদ্ধার তৎপরতায় কাঙিক্ষত গতি আনা যাচ্ছে না।
কেনিয়ার পার্বত্য জেলা চেসোঙ্গোচে ভূমিধস বিরল কোনো দুর্যোগ নেয়। এর আগে ২০১০ এবং ২০১২ সালের বর্ষাকালেও ভূমিধস ঘটেছিল এই জেলায় এবং এ দুই ভূমিধসে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছিলেন। তারপর ২০২০ সালে ব্যাপক বন্যায় একটি শপিং সেন্টার ভেসে গিয়েছিল।