আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ০১:০০ এএম
বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি
ফিলিস্তিনের গাজায় অবিলম্বে শক্তিশালী বিমান ও স্থল হামলার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৮ অক্টোবর) দীর্ঘ বৈঠকের পর সেনাবাহিনীকে এ নির্দেশনা দেন যুদ্ধপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।
তবে এ হামলা কখন এবং কোথায় চালানো হবে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরাইলের দাবি, গাজায় থাকা ১৩ ইসরাইলি বন্দির মরদেহ হামাস এখনও হস্তান্তর করেনি, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
অপরদিকে হামাস জানিয়েছে, ইসরাইল গাজায় ভয়াবহ পদক্ষেপ নিতে মিথ্যার সহায়তা নিয়েছে। ধ্বংসস্তূপের নিচে থাকা ওই মরদেহগুলো উদ্ধার করতে বিশেষজ্ঞ দল ও ভারি যন্ত্রপাতির প্রয়োজন। ইসরাইল গত কয়েক দিনে সীমিত পরিসরে এমন সহায়তা দেওয়ার অনুমতি দিলেও এখন পর্যন্ত সব মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।
গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এর পরদিনই ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালায়। সেই থেকে প্রায় প্রতিদিনই হামলা চলছে। এতে আগের মতোই ঘটছে হতাহতের ঘটনা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: বিবিসি