প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৩ এএম
ট্রাম্পের সঙ্গে এক মঞ্চে চার্লি কার্ক। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের ডানপন্থী অ্যাকটিভিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার চার্লি কার্ক গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার উতাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের সময় তিনি গলায় গুলিবিদ্ধ হন। ৩১ বছর বয়সী ট্রাম্প-ঘনিষ্ঠ এই সহযোগীর হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন উতাহের গভর্নর স্পেনসার কক্স।
রয়টার্স জানায়, ঘটনার ৬ ঘণ্টা পরও পুলিশ কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি। কাউকে আটকও করা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, একজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তদন্ত অব্যাহত আছে।
গভর্নর কক্স বলেছেন, একজন ‘পারসন অব ইন্টারেস্টকে’ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। রাজ্যের জননিরাপত্তা বিভাগের কমিশনার বো ম্যাসন জানান, হামলাকারী এখনও ধরা পড়েনি। পুলিশের ধারণা, দূরের একটি ভবনের ছাদ থেকে গুলি চালানো হয়। ঘটনার সময় প্রায় তিন হাজার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় পুলিশপ্রধান জেফ লং জানান, তাদের ছয়জন কর্মকর্তা অনুষ্ঠানস্থলে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন এবং কার্কের ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গে সমন্বয় করছিলেন।
হোয়াইট হাউস থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন হামলাকারীকে খুঁজে বের করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা এই হামলাকে সমর্থন করেছে, অর্থ জুগিয়েছে বা কোনোভাবে সম্পৃক্ত, তাদেরও খুঁজে বের করা হবে।’ এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবনে রোববার পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
ট্রাম্প আরও বলেন, বছরের পর বছর ধরে চরমপন্থী বামপন্থীরা চার্লি কার্কের মতো মানুষকে নাৎসি বা বিশ্বের ভয়াবহ খুনিদের সঙ্গে তুলনা করেছে, যা দেশে রাজনৈতিক সহিংসতা উসকে দিচ্ছে। অন্যদিকে, গভর্নর কক্স সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা শুধু উতাহ নয়, পুরো জাতির জন্যই এক শোকাবহ দিন। এটা নিঃসন্দেহে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড।’
ঘটনাটি যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের ওপর সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন। গত বছরই ট্রাম্পের ওপর দুবার হত্যাচেষ্টা হয়েছিল, যা দেশজুড়ে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাজনক উত্থানকে আরও স্পষ্ট করে তুলছে।