প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ০৯:১৯ এএম
পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রোর । ছবি : সংগৃহীত
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে পর্তুগাল। আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের হাই-লেভেল সপ্তাহেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রোর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গাজা সংকট ও চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে পর্তুগাল এই পদক্ষেপকে দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধান ফিরিয়ে আনার অংশ হিসেবে বিবেচনা করছে। এতে করে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপও সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডাও ঘোষণা দেয় যে, আসন্ন শরতের মধ্যেই তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
অন্যদিকে, জার্মানি এখনই স্বীকৃতি দিতে নারাজ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল জানিয়েছেন, এই মুহূর্তে স্বীকৃতি দেওয়া যথাযথ নয়। তবে দুই-রাষ্ট্রভিত্তিক আলোচনার প্রক্রিয়া এখনই শুরু হওয়া উচিত।
তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে গঠিত একটি টেকসই সমাধানই ইসরায়লি ও ফিলিস্তিনি উভয় জনগণের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
এদিকে ইউরোপের আরেক প্রভাবশালী দেশ সুইডেন, ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি স্থগিত রাখার আহ্বান জানিয়েছে। গাজায় মানবিক বিপর্যয় ও বেসামরিক নাগরিকদের ওপর চলমান হামলার প্রেক্ষিতে সুইডিশ কর্মকর্তারা এই দাবি তোলেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল