প্রবা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ১০:৫০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২২ ১৩:২৫ পিএম
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বন্যা পরিস্থিতি। ছবি : বিবিসি
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কিছু অংশে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ছয়জন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে প্রবল বর্ষণে ডুবে গেছে রাস্তা। প্লাবিত হয়েছে মেট্রো স্টেশন। এতে শহর ও প্রতিবেশী প্রদেশগুলো বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা বলছে, কিছু কিছু এলাকায় বিগত ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এমন ভারী বৃষ্টি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, বন্যার জল মেট্রোর সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে, হাঁটু জলে রাস্তা পাড় হচ্ছে মানুষ, পার্ক করা গাড়ি জানালা পর্যন্ত ভাসতে দেখা যায়।
স্থানীয়রা বলছে, মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন একটি সেমি-বেসমেন্ট অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। অ্যাপাটমেন্টটি বন্যার স্রোতে ভেসে যায়।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানির উচ্চতা অনেক বেড়ে যাওয়ায় তারা অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে পারেনি।
দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মঙ্গলবার এ অ্যাপার্টমেন্টটি পরিদর্শন করেন।
ইয়োনহাপ নিউজ এজেন্সির প্র্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে সিউলের কিছু অংশ, পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং সিউলের আশপাশের গিয়াংগি প্রদেশে প্রতি ঘণ্টায় ১০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে সিউলের ডংজাক জেলায় প্রতি ঘণ্টায় ১৪১ দশমিক ৫ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কোরিয়ার আবহাওয়া প্রশাসন (কেএমএ) বলছে ১৯৪২ সালের পর থেকে এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের হার।
অন্য নিহতদের মধ্যে একজন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, একজনকে বাস স্টপের ধ্বংসাবশেষের নিচে পাওয়া গেছে এবং অন্য একজন ভূমিধসে মারা গেছেন। বন্যায় এখনো কমপক্ষে ১৪ জন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন।
বন্যায় সিউলের অন্তত ১৬৩ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তারা স্কুল ও জন গুরুত্বপূর্ণ স্থানে আশ্রয় নিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সরকারি কর্মকর্তাদের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দেশটির আবহাওয়া প্রশাসন (কেএমএ) সিউল এবং আশপাশের মেট্রোপলিটন এলাকাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এ ছাড়া বুধবার পর্যন্ত দেশের কেন্দ্রীয় অংশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে।
প্রবা/এনএস/এসআর