প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১২:৩২ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১২:৫২ পিএম
চাদের পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কৌলামাল্লাহ। ছবি : সংগৃহীত
চাদের রাজধানী এন’জামেনার প্রেসিডেন্ট কমপ্লেক্সে সশস্ত্র যোদ্ধাদের ঢুকে পড়ার চেষ্টা প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ে ব্যর্থ হামলায় ২৪ জনের একটি সশস্ত্র বাহিনীর মধ্যে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ বন্দুকযুদ্ধে এক নিরাপত্তা সদস্যও নিহত হয়েছেন।
সরকারের মুখপাত্র ও পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কৌলামাল্লাহ জাতীয় টেলিভিশনে জানিয়েছেন, আহতদের মধ্যে ছয়জন হামলাকারী ও তিনজন সেনা রয়েছেন।
জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে প্রাথমিক পর্যায়ে দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়।
কিন্তু পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সম্ভবত তারা এর সঙ্গে জড়িত না। হামলাকারীদের চাদের রাজধানী এন’জামেনার একটি জেলার সশস্ত্র গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কৌলামাল্লাহ আরও জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।