প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪:০১ পিএম
ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রাক নদীতে পড়ে অন্তত ৭১ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় সময় রবিবার (২৯ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের বোনা জেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৬৮ জন পুরুষ ও তিন জন নারী। আহত পাঁচজনকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সিদামা প্রাদেশিক সরকারের মুখপাত্র ওসেনইয়েলেহ সিমিয়ন বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন পুরুষ ও তিন জন নারী।’
ওসেনইয়েলেহ সিমিয়ন জানান, ‘পাঁচ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এর আগে প্রাদেশিক যোগাযোগ ব্যুরো জানিয়েছিল, নিহতের সংখ্যা ৬০।
সিমিয়ন জানান, সামনে সেতুতে ওঠার কথা থাকলেও তা না করে ট্রাকটি নদীতে পড়ে যায়। সড়কটি অনেক আঁকাবাঁকা ছিল।
তিনি আরও জানান, যাত্রীদের অনেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। অনেকেই তাদের পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন
স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হয়েছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে।