প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১২:১৬ পিএম
দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী চোই বিয়ুং-হিউক। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেছেন। তার স্থানে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত চোই বিয়ুং-হিউককে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট ইউন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় সেনাবাহিনীর সাবেক জেনারেল চোইকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে।
ইউনের চিফ অব স্টাফ চুং জিন-সুক জানিয়েছেন, চোই সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত চার তারকাবিশিষ্ট জেনারেল। তিনি ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্মিলিত বাহিনীর ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন নীতিমান ব্যক্তি। নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেন। নিয়মকানুন মেনে চলেন। তাই দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য চোই-ই উপযুক্ত পছন্দ।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, একজন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চোই সেনাবাহিনীর মূল দায়িত্বগুলো পালন করবেন বলে চুং জানিয়েছেন।
ইয়োনহাপ আরও জানিয়েছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে প্রেসিডেন্ট ইউনকে সামরিক আইন জারির প্রস্তাব দিয়েছিলেন কিম। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ইউনের এ সিদ্ধান্তের বিরোধিতা করে। তার সিদ্ধান্ত পাল্টানোর পক্ষে ভোট দেয়; যার ফলে কয়েক ঘণ্টার মাথায়ই সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।
বুধবার ভোরে সামরিক আইন প্রত্যাহারের পর নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনয়ন দেশটির প্রেসিডেন্ট হিসেবে ইউনের প্রথম আনুষ্ঠানিক কাজ।