গাজায় যুদ্ধবিরতি আলোচনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১০:০১ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১০:৫৩ এএম
ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ মিসরের রাজধানী কায়রোয় পৌঁছাবে। শনিবার (৩০ নভেম্বর) সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
হামাসসূত্র জানিয়েছেন, গাজায় চলমান সংঘাত অবসানের একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাস প্রতিনিধিরা মিসরে যাচ্ছেন। সেখানে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন তারা। মিসরের অনুরোধে এ বৈঠকটি হতে যাচ্ছে।
সূত্র আরও জানিয়েছেন, ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে ও বাস্তুচ্যুতদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত হামাস। মানবিক সহায়তা প্রবেশের বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র আরও জানিয়েছেন, যদি মিসর হামাসের দাবির সঙ্গে সামঞ্জস্যতাপূর্ণ নতুন প্রস্তাব উপস্থাপন করে আর ইসরায়েল ও আন্তর্জাতিক সম্প্রদায় উভয়ের পক্ষ থেকে প্রতিশ্রুতি থাকে, তাহলে হামাস তা ইতিবাচকভাবে দেখবে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৩৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ হাজার ৭০ জন।
এ ছাড়া ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।