প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ০৯:২২ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ১০:১৯ এএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি। শনিবার (২৩ নভেম্বর) দেশটির কর্মকর্তারা এ বিষয়ে জানিয়েছেন।
নাম না প্রকাশ না করার শর্তে ওই সরকারি সূত্রগুলো সংবাদমাধ্যম সিনহুয়াকে জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এ সংঘর্ষ শুরু হয়। সশস্ত্র ব্যক্তিরা সেখানে কয়েক ডজন লোককে হত্যা করেছে। তারপর দোকানপাট, বাড়িঘর ও সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দিয়েছে।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) অজ্ঞাত বন্দুকধারীরা শিয়া মুসলমানদের বহনকারী যাত্রীবাহী কোচের একটি বহরে হামলা চালায়। এতে অন্তত ৪৫ জন নিহত হন। আহত হন আরও অন্তত ১৬ জন। বৃহস্পতিবারের এ হামলার সঙ্গে কুররাম জেলার গতকালের সহিংসতার যোগসূত্র আছে বলেও জানিয়েছে ওই সরকারি সূত্রগুলো।
প্রদেশটিতে চলমান এ সহিংসতার প্রতিক্রিয়ায়, স্থানীয় প্রশাসন ওই এলাকায় কারফিউ জারি করেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপাতত বন্ধ করেছে। পাশাপাশি ওই এলাকার মোবাইল পরিষেবাও স্থগিত করেছে।
কুররামের ডেপুটি কমিশনার জাভেদুল্লাহ মেহসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, ওই এলাকায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একইসঙ্গে আরও সহিংসতার ঘটনা ঠেকাতে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
কুররাম জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার ইতিহাস রয়েছে।
প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্ডি জানিয়েছেন, গত সেপ্টেম্বরে পৃথক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উভয় সম্প্রদায়ের অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
সূত্র : সিনহুয়া