প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১০:১৪ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১২:৩০ পিএম
ছবি : রয়টার্স
গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা করতে সৌদি আরবে আজ একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা সৌদি আরব পৌঁছাতে শুরু করেছেন।
সোমবার (১১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় মিডিয়া আল আরাবিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গত অক্টোবরের শেষের দিকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানে দ্বিরাষ্ট্র গঠনে একটি ‘আন্তর্জাতিক জোট’-এর প্রথম বৈঠকের সময় এ শীর্ষ বৈঠকের ঘোষণা দেয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রবিবার (১০ নভেম্বর) প্রতিবেদনে জানিয়েছে, সম্মেলনে আগতরা ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে এবং এ অঞ্চলের বর্তমান উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।
এক বছর পর একই ধরনের সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। কায়রোভিত্তিক আরব লিগ ও জেদ্দাভিত্তিক অর্গানাইজেন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) নেতারা এতে যোগ দেবেন। গত বছর একই ধরনের সম্মেলনে যোগ দিয়ে এসব নেতা ইসরায়েলি হামলাকে বর্বর বলে মন্তব্য করেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি। হামাসের এ হামলার জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল; যা এখনও চলছে। এ হামলায় ৪৩ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও।