ব্রিকস শীর্ষ সম্মেলন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১২:৫২ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৭:০৬ পিএম
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মাথায় আঘাত পেয়েছেন। তাই আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে তার রাশিয়া সফর বাতিল করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার ব্রাসিলিয়ায় নিজ বাড়িতে একটি দুর্ঘটনার শিকার হয়ে মাথায় আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয় ৭৮ বছর বয়সি লুলা দা সিলভাকে। তার আঘাত গুরুতর না হলেও চিকিৎসকরা তাকে আকাশপথে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির স্থানীয় সময় রবিবার বিকেল পাঁচটায় রাশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল লুলার। তবে তিনি এখন ভিডিও কনফারেন্সের সাধ্যমে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন।
২২ থেকে ২৪ অক্টোবর রাশিয়ার কাজানে জোটটির শীর্ষ সম্মেলন হবে।