প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১০:৫১ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১১:১৬ এএম
ছবি : সংগৃহীত
মিসরকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রবিবার (২০ অক্টোবর) সংস্থাটি এ বিষয়ে জানিয়েছে।
দেশটির এ অর্জনের প্রশংসা করে জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা একে ‘সত্যিকার অর্থে ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।
ডব্লিউএইচওপ্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, ‘মিসরীয় সভ্যতার মতো ম্যালেরিয়াও প্রাচীন। কিন্তু ফারাওদের যে ব্যাধিটি গ্রাস করেছিল তা এখন মিসরের ইতিহাসের অন্তর্ভুক্ত।’
প্রায় ১০০ বছর আগে মিসরীয় কর্তৃপক্ষ মারাত্মক এ মশাবাহিত সংক্রামক রোগটি নির্মূল করার প্রথম প্রচেষ্টা শুরু করে। অবশেষে তারা সফল হয়েছে।
প্রায় তিন বছরের প্রচেষ্টায় ম্যালেরিয়ার সংক্রমণের ধারা রুখে দিতে সক্ষম হয়েছে মিসর। তাই দেশটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬ লাখ মানুষ এ রোগে মারা যায়। আর বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে আফ্রিকা মহাদেশে।
রবিবার বিবৃতিতে ডব্লিউএইচও এ রোগের অবসান ঘটানোর জন্য মিসরের সরকার ও জনগণের প্রচেষ্টার প্রশংসা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ম্যালেরিয়ামুক্ত দেশের সনদ পাওয়া তৃতীয় দেশ মিসর। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো এ সনদ পেয়েছে।
বৈশ্বিকভাবে এখন পর্যন্ত ৪৪ দেশ ও একটি অঞ্চল ম্যালেরিয়ামুক্ত হওয়ার মাইলফলক অর্জন করতে পেরেছে।
সূত্র : বিবিসি