প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১০:০৩ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১০:৫৪ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য নিউ মেক্সিকোর রোজওয়েল শহরে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৮ জন। প্রায় ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে।
নগর কর্মকর্তারা জানিয়েছেন, শহরটিতে ৯১ হাজার ৭০০ লোকের বাস। এ বৃষ্টির ফলে শহরের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।
নিউ মেক্সিকো ন্যাশনাল গার্ড রবিবার সকালে জানিয়েছে, তারা অন্তত ২৯০ জনকে বন্যার পানি থেকে উদ্ধার করেছে। তাদের মধ্যে অন্তত ৩৮ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
অনেক বাসিন্দা জানিয়েছেন, বন্যার পানি বাড়িঘর ও ভবনে ঢুকে পড়েছে। রাজ্যটির রাস্তঘাট ও বাড়িঘর ডুবে গেছে।
সমাজমাধ্যমের এক বার্তায় রোজওয়েল সিটি কর্তৃপক্ষ বলেছে, ‘অনেক সড়কে বন্যার পানিতে গাড়ি আটকে গেছে। ফলে অনেক মোটরসাইকেল চালকও সেখানে আটকা পড়েছেন।’
সমাজমাধ্যম এক্সের পোস্টে নিউ মেক্সিকো রাজ্য পুলিশ জানিয়েছে, জলের স্রোতের কারণে রোজওয়েল অঞ্চলে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
বৃষ্টির কারণে অন্যান্য অঞ্চলও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
সূত্র : সিনহুয়া