প্রবা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৬:৪৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৭:০২ পিএম
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের সময় গ্যাস্ট্রাইটিসের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন।
বুয়েন্স আয়ারস টাইমস জানিয়েছে, ওই অসুস্থতার কারণে শনিবার বুয়েন্স আয়ারসে আলবার্তো ফার্নান্দেজের এন্ডোস্কপি করানো হয়।
দেশটির প্রেসিডেন্সিয়াল মেডিকেল ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, ফার্নান্দেজ এন্ডোস্কপিক পরীক্ষা করিয়েছেন। পরীক্ষার ফলাফলে সামান্য রক্তক্ষরণ ছাড়া আর কোনো সমস্যা পাওয়া যায়নি। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
ডা. ফেদেরিকো সাভেদ্রার স্বাক্ষরিত এক ব্যবস্থাপত্রে ফার্নান্দেজকে বিশ্রামের পর ধীরে ধীরে কাজ পুনরায় শুরুর পরামর্শ দেওয়া হয়েছে।
ফেদেরিকো বলেছেন, রাষ্ট্রপ্রধানকে বুয়েন্স আয়ারসের স্যানিটরিও ওটামেন্ডিতে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ফার্নান্দেজ গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত হওয়ার কারণে মঙ্গলবার থেকে জি-২০ শীর্ষ সম্মেলনে অনুপস্থিত ছিলেন।
তিনি হাইপোটেনশন এবং মাথা ঘোরার রোগে ভুগছিলেন। সুস্থ হওয়ার পর ফার্নান্দেজ মাদ্রিদে স্টপওভারের মাধ্যমে আর্জেন্টিনায় ফেরার আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে দেখা করেন বলে জানা গেছে।