প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৪ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৫ পিএম
ইয়েমেনের হুতি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতিফি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইয়েমেনের হুতি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতিফি। শনিবার (২১ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা সিনহুয়া এ বিষয়ে জানিয়েছে।
হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি হুতি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, তার দল ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে।
শুক্রবার গভীর রাতের টেলিভিশন বিবৃতিতে আল-আতিফি বলেছেন, ‘আমাদের হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি সত্তা, যারা এটিকে সমর্থন করে ও সহায়তা করে তাদের অবশ্যই এ বিষয়টি ভালোভাবে বুঝতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভূমি বা আমাদের মিত্রদের ওপর কোনো হামলা চালানো হলে, এর প্রতিক্রিয়ায় খুব দ্রুত ও শক্তিশালী জবাব দেওয়া হবে। আমরা ইসরায়েলের গভীরে ও এর সংবেদনশীল স্থানগুলোতে হামলা করতে বদ্ধপরিকর। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা থামব না।’
চলতি সপ্তাহের শুরুতে ‘তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপশাস্ত্র হামলার’ দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ৪১ হাজার ২৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯৫ হাজার ৫৫১ ফিলিস্তিনি।
গত নভেম্বর থেকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে একাত্মতা জানাতে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও তার সমর্থকদের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুতিরা।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ব্রিটিশ নৌ জোট লোহিত সাগরে হামলার জবাবে হুতির লক্ষ্যবস্তুগুলোতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।