প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:০২ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৫ পিএম
হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী গ্যারি কনিল। ছবি : সংগৃহীত
হাইতির দক্ষিণ উপদ্বীপের একটি রাস্তায় জ্বালানি ট্রাক বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী গ্যারি কনিল এ বিষয়ে জানিয়েছেন।
দেশটির নিপ্পস বিভাগের উপকূলীয় শহর মিরাগোয়ান এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রধানমন্ত্রী কনিল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সামাজিক মাধ্যমের এক বিবৃতিতে বলেছেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। কয়েক ডজন মানুষ নিহত, আহত ও গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।’
দেশটির জরুরি পরিষেবার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের অধিকাংশই পুরুষ। আহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশুও রয়েছে। তবে প্রতিবেদনটিতে নিহতদের পরিচয় দেওয়া হয়নি।
কনিল জানিয়েছেন, তিনি নিপ্পসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। বেসামিরিক সুরক্ষা ক্রু ও অন্যান্য কর্মকর্তারা একত্রিত হয়ে কাজ করছেন। আর গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। যাতে করে তাদেরকে দ্রুত বিশেষ সেবা প্রদান করা সম্ভব হয়।
অন্যান্য আহতদেরকে হাসপাতালে পাঠানোর যত দ্রত সম্ভব দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আর তাদেরকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ট্রাক থেকে তেল লিক হচ্ছিল। তখন আশেপাশের অনেক লোক তা সংগ্রহ করার জন্য ছুটে আসেন। ঠিক তখনই এ বিস্ফোরণটি ঘটে।
কনিল আরও বলেছেন, ‘সরকার হতাহতদের ও তাদের পরিবারের পাশে আছে।’
২০২১ সালে দেশটির ক্যাপ-হাইটিন শহরে অনুরূপ একটি ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছিলেন।