প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫২ পিএম
ছবি : সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ গিনির পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জনের বেশি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির ন্যাশনাল রেডিও এ বিষয়ে জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাকবলিত বাসটি ৫০ জনের বেশি যাত্রী নিয়ে কোনক্রির দিকে যাত্রা করছিল। পথিমধ্যে টিম্বোর একটি খাদে বাসটি পড়ে যায়। ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতের মধ্যে দুটি শিশু ও দুজন নারীও রয়েছে। আহতদের একটি আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির চালক অদক্ষ হওয়ায় ও গাড়িটি দ্রুতগতিতে চালানোর ফলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
সূত্র : সিনহুয়া