প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪ ১১:২৯ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪ ১১:৫২ এএম
ছবি : সংগৃহীত
মৌরিতানিয়ার রাজধানী নুয়াকচটের কাছে একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১৫০ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে আইওএম বলেছে, ‘গাম্বিয়া থেকে প্রায় ৩০০ যাত্রী একটি নৌকায় চড়ে যাত্রা করেছিল। সাত দিন সমুদ্রে ভাসার পর ২২ জুলাই নুয়াকচটের কাছে নৌকাটি ডুবে যায়।’
জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, মৌরিতানিয়ার কোস্টগার্ড ১২০ জনকে জীবিত উদ্ধার করেছে। তারা নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছে।
আইওএম আরও বলেছে, ‘জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিভাবকহীন ও বিচ্ছিন্ন চার শিশুকে শনাক্ত করা হয়েছে।’
বার্তা সংস্থা রয়টার্সকে নুয়াকচটের একটি মাছ বাজারের মাছ বিক্রেতা ইব্বা সার বলেছেন, ‘গত দুই দিনে প্রবল বাতাসের কারণে মরদেহগুলো তীরের কাছাকাছি চলে এসেছে। আমি সৈকত থেকে অন্তত ৩০টি মরদেহ সংগ্রহ করতে দেখেছি। আগামী দুই দিনে অবশ্যই বাকি প্রাণহীন দেহগুলো পাওয়া যাবে।’
পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত আটলান্টিক অভিবাসন রুটটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ রুট। এ রুটে প্রায়ই নৌকাডুবি ঘটে। সাধারণত এ রুটটি ইউরোপে আশ্রয় নিতে বা আরও ভালো কাজের সুযোগ সন্ধানে আফ্রিকার মানুষ ব্যবহার করে।
আইওএম জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ১৯ হাজার ৭০০ মানুষ আটলান্টিক রুটটি ব্যবহার করে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে; যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬০ শতাংশ বেশি।
এদিকে অভিবাসন অধিকার দল ওয়াকিং বর্ডারস অনুসারে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্পেনের দ্বীপপুঞ্জে পৌঁছাতে গিয়ে প্রায় ৫ হাজার মানুষ সাগরে ডুবে মারা গেছে।
সূত্র : আলজাজিরা