প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১০:৫০ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪ ১১:৫৪ এএম
ভূমিধসের পর স্থানীয়রা জীবিতদের সন্ধান করছেন। সোমবার (২২ জুলাই) ইথিওপিয়ার গোফা জোন থেকে তোলা। ছবি : সংগৃহীত
ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে দুটি ভূমিধসে অন্তত ২২৯ জন নিহত হয়েছে। আরও পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাজ্য কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, গোফা জোনের একটি প্রত্যন্ত অঞ্চলে সোমবার ভারী বৃষ্টিপাতের কারণে প্রথম ভূমিধসের ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণ পরে ওই একই স্থানে দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। যাতে প্রথম দফার ভূমিধসের পর আক্রান্ত লোকদের সাহায্যের জন্য এগিয়ে আসা লোকেরা মাটিচাপা পাড়েন।
স্থানীয় যোগাযোগ বিষয়ক বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গোফা জোনের কেনচা-শাচা এলাকায় সোমবারের এ দুর্ঘটনায় অন্তত ১৪৮ জন পুরুষ ও ৮১ জন নারী নিহত হয়েছেন।
এর আগে দেশটির সরকারি মালিকানাধীন ইথিওপিয়া ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) জানিয়েছে, মাটির নিচ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসক দাগেমাউই আয়েলের বরাত দিয়ে ইবিসি বলেছে, ‘যারা ভূমিধসে আটকা পড়াদের বাঁচাতে ছুটে গিয়েছিলেন তারা দ্বীতিয় ধাপের ভূমিধসে মারা গেছেন। নিহতদের মধ্যে এলাকার প্রশাসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও কৃষি কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরাও আছেন।’
দেশটির সংসদ সদস্য কামাল হাশি মোহামুদ আদ্দিস আবাব থেকে জাজিরাকে জানিয়েছেন, প্রথম ভূমিধসের কয়েক মিনিট পর দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটেছে।
দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক রাজ্যের প্রতিনিধি আলেমায়েহু বাওদি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অনুসন্ধ্যান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
দেশটির দক্ষিণাঞ্চলে এর আগেও ভূমিধসের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে এক সপ্তাহের ব্যবধানে দুইটি পৃথক ভূমিধসে অন্তত ৩২ জন নিহত হয়েছিল।