প্রবা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ১৬:১৫ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২২ ১৮:৪৩ পিএম
গত দুই মাসে বিভিন্ন পাল্লার প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়া শুক্রবার একটি আন্তমহাদেশিয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছুড়েছে। ক্ষেপণাস্ত্রটি জাপানের সর্বউত্তরের অঞ্চল হোক্কাইদোর পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়।
শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডের যে কোনো স্থানে এটির আঘাত হানার সক্ষমতা রয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৮ নভেম্বর) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আইসিবিএম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।
এটি এক হাজার কিলোমিটার উপর দিয়ে প্রায় ছয় হাজার ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হোক্কাইদোর পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়, যা জাপানের জলসীমা থেকে ২১০ কিলোমিটার দূরে।
যে গতিতে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে, তা ওয়ারহেডের ওজন সাপেক্ষে ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
ক্ষেপণাস্ত্রটি ছোড়ার সঙ্গে সঙ্গে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশেনের (অ্যাপেক) চলমান সম্মেলনে থাকা মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিস ব্যক্তিগতভাবে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের নেতাদের সঙ্গে পরবর্তীতে হ্যারিসের বৈঠকে বসার কথা রয়েছে।
গত রবিবার (১৩ নভেম্বর) দক্ষিণ-পূর্ব এশীয় জাতিপুঞ্জের (আসিয়ান) শীর্ষ সম্মেলনের এক পার্শ্বঅনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে তারা প্যাসিফিক অঞ্চলে সামরিক সহযোগিতা বাড়াতে সম্মত হন।
এরপর বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই হুঁমিয়ারি দেন, ‘এ অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়ালে দাঁত ভাঙা জবাব দেবে পিয়ংইয়ং।’ এ ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ে আইসিবিএম ছুড়ল দেশটি।
শুক্রবার আইসিবিএম পরীক্ষার পাশাপাশি স্বল্প-পাল্লার আরও কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। গত দুই মাসে বিভিন্ন পাল্লার প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। গত অক্টোবরে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেশটি।
২০০৬ ও ২০০৭ সালে ছয়টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। সপ্তম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য দেশটি সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে ধারণা করা হচ্ছে। সুযোগ বোঝে যে কোনো সময় কিম জং উনের দেশ তা করতে পারে, এমনটিই মনে করেন বিশেজ্ঞরা।