প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১২:৪৯ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৩:৩১ পিএম
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। ছবি : সংগৃহীত
নেপালের রাজনীতিবিদ কেপি শর্মা ওলির নেতৃত্বে নতুন জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে দেশটি।
শুক্রবার (১২ জুলাই) দেশটির কট্টরপন্থি প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন। এরই সঙ্গে তার ২০ মাসের টালমাটাল সরকারের অবসান ঘটেছে। এর পরই দেশটি নতুন জোট সরকার গঠনের দিকে পা বাড়ায়।
২০০৮ সালে নেপালের ২৩৯ বছরের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে। এর পর থেকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এবার ওলি নতুন সরকার গঠন করলে ২০০৮ সালের পর তা হবে নেপালের ইতিহাসে ১৪তম সরকার।
দাহালের সবচেয়ে বড় জোটমিত্র ওলির নেতৃত্বাধীন উদারপন্থি কমিউনিস্ট ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টি গত সপ্তাহে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়; যা তাকে হয় পদত্যাগ করতে বা পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বাধ্য করে।
ওলি এর আগে দুবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জুনের শেষের দিকে মধ্যপন্থি নেপালি কংগ্রেসের (এনসি) সঙ্গে একটি চুক্তি করেন। যার মাধ্যমে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য পর্যাপ্ত আসন নিশ্চিত হয়। যার অর্থ দাঁড়ায়, তিনি তখন থেকেই নতুন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিলেন।
তবে শুক্রবার পার্লামেন্টে আস্থা ভোটে দাহালের পরাজয়ের পর ওলির নেতৃত্বে নতুন সরকার কবে নাগাদ দায়িত্ব গ্রহণ করবে তা জানানো হয়নি।
সাবেক মাওবাদী বিদ্রোহী প্রধান দাহালের ভোটাভুটিতে জয় পেতে ২৭৫ সদস্যের মধ্যে অন্তত ১৩৮ জনের ভোট প্রয়োজন ছিল। কিন্তু পার্লামেন্টে উপস্থিত ২৫৮ সদস্যের মধ্যে তিনি মাত্র ৬৩ ভোট পেয়েছেন। তার বিপক্ষে ভোট পড়েছে ১৯৪টি। আর একজন ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।
ভোট গণননার পর পার্লামেন্টের স্পিকার দেবরাজ ঘিমিরে ঘোষণা করেন, ‘প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল যে আস্থা ভোট চেয়েছিলেন, তা খারিজ হয়ে গেছে।’
সূত্র : রয়টার্স