প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১০:১১ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৪ ১০:৪৯ এএম
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ছবি : সংগৃহীত
কর বৃদ্ধির প্রতিবাদে তিন সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তার প্রায় পুরো মন্ত্রিসভা বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে সংবাদ সম্মেলনে তার মন্ত্রিসভার ২২ জন মন্ত্রীকেই বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। যার মধ্যে কেবল তার ডেপুটি রিগাথি গাচাগুয়া, প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ সচিব এবং বিদেশ ও ডায়াসপোরা বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাভাদিকে তাদের পদে বহাল রেখেছেন।
রুটো বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র ও ডায়াসপোরা বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব ছাড়া কেনিয়া প্রজাতন্ত্রের মন্ত্রিসভা থেকে অবিলম্বে সব মন্ত্রি ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানিয়েছেন, একটি বিস্তৃত-ভিত্তিক সরকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন সেক্টর ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে ব্যাপক আলোচনায় অংশ নেবেন।
রুটো তার এ পদক্ষেপকে ন্যায়সঙ্গত দাবি করে জানিয়েছেন, ঋণের বোঝা মোকাবিলা, অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও সরকারি সংস্থাগুলোর মধ্যে অপচয় এবং অপ্রয়োজনীয় দ্বৈততা দূর করার জন্য তার এ পদক্ষেপটি অপরিহার্য।
কর বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে দেশটিতে ১৮ জুন বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভে অন্তত ৩৯ জন নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটসের (কেএনসিএইচআর) এক প্রতিবেদনে জানানো হয়েছে।